নদীপথ ও কৃষিনির্ভর আধুনিক উত্তরবঙ্গ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

নদীমাতৃক যোগাযোগব্যবস্থার পুনর্জীবিতকরণ, কৃষিভিত্তিক শিল্পায়ন এবং সুষম শিক্ষার প্রসারে এক মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
দেশের নদীগুলোকে পুনরায় সচল করার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী এখন কঙ্কাল। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলব। নদীমাতৃক যোগাযোগব্যবস্থা এবং নদীকে জাতীয় সম্পদে পরিণত করা হবে।
পানির সমস্যা সমাধানে তিনি বলেন, পদ্মায় যেখানে বাঁধ বা ব্যারাজ দিলে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পাবে সেখানেই ব্যারাজ নির্মাণ করা হবে।’
জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার নেই। উত্তরবঙ্গকে কৃষিশিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।
উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার অভাব দূর করার ঘোষণা দিয়ে তিনি জানান, ‘সুষম উন্নয়নের স্বার্থে যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, সেখানেই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
জনসভায় স্থানীয় জামায়াত নেতা ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে জামায়াতকে শক্তিশালী করতে এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।