logo

কুমিল্লায় ৩২ লাখের রাজস্থানি উট ‘সুলতানের’ দরদাম চলছে ২৭ লাখে

কুমিল্লায় ৩২ লাখের রাজস্থানি উট ‘সুলতানের’ দরদাম চলছে ২৭ লাখে
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কোরবানির ঈদকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজস্থানি এক ব্যতিক্রমী উট ‘সুলতান’। মরুভূমির জাহাজ নামে পরিচিত এই উটের দাম হাঁকা হয়েছে সর্বোচ্চ ৩২ লাখ টাকা। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টায় ঢাকার এক অভিজাত ক্রেতা ২৭ লাখে উটটি কিনতে চেয়েছেন। তবে এখনও চূড়ান্ত বিক্রির সিদ্ধান্তে পৌঁছাননি মালিক জুয়েল আহমেদ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে এই উটটি দেখতে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন নিজেই নেউরা হাটে যান।

জানা গেছে, ভারতের রাজস্থান থেকে বিশেষভাবে আনা ছয় বছরের এই উটটি বর্তমানে কুমিল্লার নেউরা পশুর হাটে রাখা হয়েছে। উটটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক দর্শনার্থী ও সম্ভাব্য ক্রেতারা। অনেকে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, এতে ‘সুলতান’ আরও ভাইরাল হয়ে উঠেছে।

উটের মালিক জুয়েল আহমেদ বলেন, এখন পর্যন্ত ঢাকার অভিজাত শ্রেণির ক্রেতারা ২৭ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। কুমিল্লার কিছু ক্রেতা ১৬ থেকে ১৮ লাখ টাকার মধ্যে কথা বলছেন। তবে আমি আরও কিছুদিন দরকষাকষি করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

জুয়েল আহমেদ জানান, সুলতান অত্যন্ত শান্ত স্বভাবের উট। বালুতে শুয়ে থাকতে পছন্দ করে এবং ঘাস ও খড় খায়। কাঁটাযুক্ত খাবারের প্রতি তার আলাদা আকর্ষণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সুলতানের জনপ্রিয়তা বাড়ায় কুমিল্লাজুড়ে এটি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ উটটি দেখতে অ্যাগ্রো ফার্মে ভিড় করছেন।

শেষ পর্যন্ত ৩২ লাখ টাকার উট ‘সুলতান’ কত দামে বিক্রি হবে, তা নিয়েই এখন অপেক্ষা ক্রেতা ও দর্শনার্থীদের।