logo

কুষ্টিয়ায় এক রাতে সরকারি ৩ দপ্তরে চুরি

কুষ্টিয়ায় এক রাতে সরকারি ৩ দপ্তরে চুরি

কুষ্টিয়ার মিরপুরে সরকারি তিনটি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। 

সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার রাতের কোনো এক সময় তিনটি দপ্তরে চুরির ঘটনা ঘটে। তিনটি দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। দপ্তরগুলোর আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ঘটনার পর দপ্তরগুলো পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরে বিস্তারিত জানানো হবে।