সিরাজগঞ্জ থেকে লুট ৬০০ বস্তা চাল গাজীপুরে উদ্ধার

সিরাজগঞ্জে ঢাকাগামী পথে অস্ত্রের মুখে লুট হওয়া ৬০০ বস্তা চাল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। লুটে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজারে একাধিক গুদাম ও ফুলবাড়িয়া এলাকার কেএনবি বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
আটকৃকতরা হলেন স্থানীয় গুদাম মালিক লিটন সরকার ও কর্মচারী সুমন সরকার।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬০০ বস্তা কাটারীভোগ চাল কিনে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহেল সোমবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন। ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে রাস্তা আটকে দেয় দুর্বৃত্তরা।
অস্ত্রের মুখে চালক ও তার সহকারীকে জিম্মি করে তাদের হাত-পা-মুখ বেঁধে পাশের ধানক্ষেতে ফেলে দেওয়া হয়। পরে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান শনাক্ত করে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
চাল ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, তিনি রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট চাল নিয়ে যাচ্ছিলেন। লুট হওয়ার পর পুলিশকে জানালে দ্রুত সময়ে চাল উদ্ধার করেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ট্রাকটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।