সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, পুলিশের দাবি ভুয়া

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও শেয়ার করেছেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার এবং তার অনুসারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
তবে মিছিলটি ঠিক কোন এলাকায় হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কেউ বলছেন, মিছিলটি মধ্যনগরে হয়েছে, আবার কেউ বলছেন তাহিরপুরে। দুই থানার ওসিরা জানিয়েছেন, আজ শুক্রবার তাদের থানা এলাকায় এমন কোনো মিছিল হয়নি।
একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় মিছিলটি করেছেন। অন্য একটি সূত্র জানিয়েছে, তাহিরপুর ও মধ্যনগর সীমান্তের কোনো এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার দুপুর ২টার দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে থাকা ব্যানারে বড় করে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
ফেসবুকে প্রচার হওয়া ভিডিও দেখে ও খোঁজ নিয়ে জানা যায়, মিছিলটির নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, জেলা ছাত্রলীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক নিকসন সরকার ও জেলা ছাত্রলীগের সদস্য রোমান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। তবে তাদের অধিকাংশের মুখ ঢাকা ছিল। সামনের সারিতে থাকা অনেকেই প্রকাশ্যে স্লোগান দেন।
এদিকে, এলাকায় কোনো মিছিল হয়নি দাবি করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, আজকে কোনো ধরনের মিছিল হয়নি। এসব ভুয়া ভিডিও। যে ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে, এমন কোনো এলাকা নেই মধ্যনগর ও তাহিরপুর থানা এলাকায়।
তবে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাহিরপুর এলাকার বলে জানিয়েছেন মধ্যনগর থানার ওসি।



