রূপগঞ্জে পুড়ে গেল মাদ্রাসার ১০ ঘর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মাদ্রাসার মালামালসহ ১০টি কক্ষ পুড়ে গেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারাবো পৌরসভার বরপা এলাকায় নুরে মদিনা মাদ্রাসায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ প্রায় ১০টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মওলানা হাবিবুল্লাহ বলেন, আগুনে মাদ্রাসার লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে রাখা কিতাব, বই, টেবিল, চেয়ার, ফ্যানসহ ১০টি কক্ষ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।