সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুল (৩৫) পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাহমিদা আক্তার মোহনাকে (২৯) শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোহনার মৃত্যু হয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
নিহত মোহনা ও ছদরুল দম্পতির চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার (২২ মে) সিলেট সদর উপজেলায় মায়ের হাতে ২০ মাস বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটে। একই দিন দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক র্যাব সদস্য নিহত হন।


