logo

ডাকাতির পর ঘটনা প্রকাশ না করতে কোরআন শপথ করাল ডাকাতরা

ডাকাতির পর ঘটনা প্রকাশ না করতে কোরআন শপথ করাল ডাকাতরা

বরিশালে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিন্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে এ ঘটনা যেন প্রকাশ না পায়, সে জন্য চলে যাওয়ার সময় ডাকাতদলের সদস্যরা ঘরে থাকা সবাইকে হাতে কোরআন শরিফ ধরিয়ে শপথ করান। এ সময় ডাকতরা স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান ভুক্তোভোগীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ঘরে প্রবাসী লিটন গাজীর বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও শিশুকন্যা ছিলেন।

ভুক্তোভোগীরা জানান, দরজায় শব্দ পেয়ে প্রথমে কে আসছে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে মুখোশধারী ডাকাতদলের ৭/৮ জন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সবার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে অস্ত্র ঠেকিয়ে চুপচাপ থাকতে বলে। এ সময় কথা বলতে গেলে ঘরের সাবাইকে মারধর করা হয়। ডাকাতদল স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। 

ভুক্তোভোগীরা আরও জানান, ডাকাতি শেষে বাসা থেকে চলে যাওয়ার সময় ডাকাতদলের সদস্যরা ঘরের সবাইকে হাতে কোরআন শরিফ ধরিয়ে শপথ করায়—ডাকাতির ঘটনা যেন কোথাও প্রকাশ করা না হয়। 

তারা বলেন, ডাকাতির ঘটনার পর সবাই আরও বেশি আতঙ্কিত। কারণ ডাকাতরা কোরআন শরিফ শপথ করিয়ে বলেছে, এই ঘটনা কোথাও প্রকাশ করলে সবাইকে হত্যা করা হবে। তাই জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ডাকাতি ঘটনার সংবাদ পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, ডাকাতদের আইনের আওতায় আনা হবে।