logo

সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
ছবি: এশিয়া পোস্ট

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।


বৃহস্পতিবার (২৮ মে) সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পশু কোরবানিতে অংশ নেন। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। পরে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত প্যান্ডেলে হাজারো মুসল্লি নামাজ আদায় করেন। মুসল্লিদের সুবিধার্থে ফ্যান, মাইক ও সিসিটিভির ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাও ছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও ৯টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠেও প্রধান জামাত হয় সকাল ৮টায়।

খাগড়াছড়ি

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত শেষে কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, সবাই সচেতন হলে পৌর শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে। জামাতে ইমামতি করেন খাগড়াছড়ি শাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নুরুন্নবী হাক্কানী।

ময়মনসিংহ

ময়মনসিংহ নগরের আঞ্জুমান ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি আবদুল্লাহ আল মামুন। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় প্রায় আড়াই হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বড় জামাতগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ছিল।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

বরিশাল

বরিশাল নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রব। বৃষ্টির পূর্বাভাস থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী

রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নাটোর

নাটোরে ১ হাজার ৩৩০টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শহরের কান্দিভিটা কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত হয় সকাল ৬টা ৪৫ মিনিটে। এতে অংশ নেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতারা।

দিনাজপুর

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

জয়পুরহাট

জয়পুরহাটে জেলার ৪৯৬টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

নোয়াখালী

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বাগেরহাট

বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত ষাটগম্বুজ মসজিদে সকাল ৭টায় প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পরে আরও দুটি জামাত হয়। তিনটি জামাতে প্রায় পাঁচ হাজার মুসল্লি অংশ নেন।

ঈদের জামাত ঘিরে পুরো এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

কুমিল্লা

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারী মো. ইব্রাহিম।

খুলনা

খুলনা টাউন জামে মসজিদে সকাল ৭টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পরে আরও দুটি জামাত হয়। নগরের বিভিন্ন মসজিদ ও ঈদগাহেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন হাসপাতাল, কারাগার ও আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।

নামাজ শেষে দেশের শান্তি, অগ্রগতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা কোরবানির প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন।