সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজারে উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় মাইন বিস্ফোরণে আবারও এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটেছে।
আহত মোহাম্মদ সাদেক ওরফে হামিদ উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/এইচ-৩৭ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সকালে উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তের নাফ নদীতে মোহাম্মদ সাদেকসহ কয়েকজন মাছ ধরতে যান। একপর্যায়ে শূন্যরেখায় মিয়ানমার অভ্যন্তরে চাকমাকাটা এলাকায় তারা মাছ ধরার সময় আকস্মিক মাইন বিস্ফোরণ হয়। এতে সাদেকের পা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন সাদেককে উদ্ধার করে বিজিবি সদস্যদের সহায়তায় উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি গত ২৯ মার্চ উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখায় প্রথম স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক রোহিঙ্গা যুবক আহত হন। এরপর থেকে পৃথক মাইন বিস্ফোরণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।