logo

সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকার স্বর্ণের বার জব্দ

সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকার স্বর্ণের বার জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের চারটি স্বর্ণের বার জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ সময় চোরা কারবারিকে আটক করা হয়।

রোববার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ শ্রী সমর হালদার এক চোরা কারবারিকে আটক করে বিজিবি। সীমান্তের পাঁচ কবর এলাকা থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক পাচারকারী সমর হালদার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বাইসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে ওই পাচারকারীকে থামানোর চেষ্টা করে বিজিবি। তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে মোট ৪৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের হয়েছে।