ভুল প্রশ্নপত্রে পরীক্ষা/অধ্যক্ষকে শোকজ, পরীক্ষা কমিটি বাতিল

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
অধ্যক্ষকে শোকজ, পরীক্ষা কমিটি বাতিল
ছবি : সংগৃহীত

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে গত বছরের (২০২৫ সালের) পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর শওকত আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে তদন্ত কমিটির প্রধান এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই আমরা কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করি। তদন্তে কলেজ কর্তৃপক্ষের চরম গাফিলতি লক্ষ্য করা গেছে। এ কারণে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষ অধ্যাপক মীর শওকত আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরীক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হবে না; বোর্ড সবসময় পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করবে। মূলত কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ প্রশ্ন থেকে ভুলবশত এই প্রশ্নপত্রগুলো বিতরণ করেছিল। তাই এই ঘটনার সম্পূর্ণ দায় কলেজ কর্তৃপক্ষের।

এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দেন ২০২৬ সালের ১০০ জন পরীক্ষার্থী। ভুক্তভোগী পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন এবং সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয় শতাধিক।

বিষয় :জামালপুর