logo

পুলিশের ভয়ে একসঙ্গে ১০ ইয়াবা গিলে বেহুঁশ মাদক কারবারি

পুলিশের ভয়ে একসঙ্গে ১০ ইয়াবা গিলে বেহুঁশ মাদক কারবারি

বরিশালের গৌরনদীতে পুলিশের অভিযানের সময় প্রায় ১০-১২টি ইয়াবা ট্যাবলেট গিলে বেহুঁশ হয়ে পড়েছেন সানোয়ার হোসেন নামের এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ডসংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সানোয়ার হোসেন (৩৫) মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সরবত আলী বলেন, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সানোয়ারকে থামতে বলা হয়। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হলে কৌশলে সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলেন।

তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যেই সানোয়ার অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তির চিকিৎসা চলছে এবং তিনি পুলিশ পাহারায় রয়েছেন। সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।