নরসিংদীতে মাটির ঘরের দেয়ালধসে ৮ বছরের শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার নামে আট বছরের এক শিশুরে মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল তানঝুমা। বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় মরজাল ইউনিয়ন পরিষদের সদস্য আছমা বেগম জানান, মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।





