সুনামগঞ্জে সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক। রোববার (৯ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটলেও বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি একই অবস্থায় সেখানে ঝুলে আছে। তবে সেতুতে পর্যাপ্ত জায়গা থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেতুর বাঁ পাশ থেকে ডান পাশে গিয়ে রেলিং ভেঙে ফেলে। এ সময় ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ও অর্ধেক অংশ ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।
জাউয়াবাজারের নিকটবর্তী লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে দেখি সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। এটি খালি ছিল বলেই আটকে আছে, বোঝাই থাকলে সোজাসুজি নদীতে পড়ে যেত।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন। তবে সেতুর ওপর ফাঁকা জায়গা থাকায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারে ক্রেন আনা হচ্ছে।
.png)


