logo

বিমানবন্দরে তল্লাশিতে মিলল দেড় কেজি স্বর্ণের চুড়ি, যাত্রী আটক

বিমানবন্দরে তল্লাশিতে মিলল দেড় কেজি স্বর্ণের চুড়ি, যাত্রী আটক
উদ্ধার করা স্বর্ণ ও আটক মো. শরীফ। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক দেড় কেজি ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস ও যৌথ গোয়েন্দা সংস্থা।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে শরীফের ফ্লাইট চট্টগ্রামে পৌঁছার পর সন্দেহ হলে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার একজন সদস্য হিসেবে ভ্রমণ করছিলেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করে বলেন, আজ সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মো. শরীফ। অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার সন্দেহজনক গতিবিধি দেখে যৌথ তল্লাশি চালান বিমানবন্দর কাস্টমস এবং ডিজিএফআই ও এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তিনি আরও বলেন, পরে ওই যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও পোশাক থেকে চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ও রাজস্ব ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, জব্দ করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ চোরাচালানে জড়িত থাকায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা শাখা বাদী হয়ে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান রুখতে বিমানবন্দরের সব সংস্থার সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।