logo
Advertisement

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার
দীপন তালুকদার। ছবি: সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব উজ্জ্বল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে আগের অন্তর্বর্তীকালীন পরিষদটি বাতিল করে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারকে (দীপু) চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। চেয়ারম্যান ছাড়াও নবগঠিত এই অন্তর্বর্তীকালীন পরিষদে আরও ১৪ জন সদস্য রয়েছেন।

সদস্যরা হলেন—রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ (মাঝের বস্তি, রাঙামাটি শহর), সুপর্ন দেব বর্মন (গর্জনতলী, রাঙামাটি), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক (উত্তর গর্জনতলী), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা (কলেজ গেইট/মন্ত্রী পাড়া, রাঙামাটি শহর), জেলা বিএনপির সদস্য নন্দিতা দাশ (মাষ্টার কলোনী), কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা (রাজদ্বীপ বাবু পাড়া চক্রপাড়া-১), জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা (খেদারমারা, বাঘাইছড়ি), জেলা বিএনপির সহসভাপতি ও লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন (ঘনোমোড়), জেলা বিএনপির সদস্য সুবিমল চাকমা (আইমাছড়া, বরকল), জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা (আমতলী, জুরাছড়ি), কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা (চিৎমরম, কাপ্তাই), জেলা বিএনপির সদস্য ও কাউখালী উপজেলা বিএনপির সহসভাপতি পাইচিং মং মার্মা (বেতবুনিয়া, কাউখালী), রাজস্থলী উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার (ঘিলাছড়ি, রাজস্থলী) এবং রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন কমিটির আইনবিষয়ক সম্পাদক তিমথী খিয়াং (বড় কুক্যাছড়ি, রাজস্থলী)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯’ এবং এর সংশোধিত আইন অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এই নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) বলেন, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তিনি নতুন দায়িত্ব দিয়ে পার্বত্য এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি রাঙামাটির অসাম্প্রদায়িক প্রীতি ও সম্প্রীতি বজায় রাখা, উন্নয়নে পাহাড়ি-বাঙালির মধ্যে কোনো বৈষম্য না রাখা এবং পাহাড়ের পর্যটন বিকাশে দীর্ঘ ও স্বল্পমেয়াদি নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। এ সময় তিনি কাজের সুবিধার্থে সবার সহযোগিতা কামনা করেন।

দীপন তালুকদার (দীপু) ছাত্রজীবন থেকেই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০০৪ সালে সদর উপজেলা বিএনপির সভাপতি, ২০০৭ সালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৩ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ২০২২ সাল থেকে অদ্যাবধি রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিষয় :