মুরগি চোর সন্দেহে ৪ জনকে পিটিয়ে গাছে বাঁধল জনতা

চট্টগ্রামের ফটিকছড়িতে মুরগি চুরির অভিযোগে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার পাইন্দং ইউনিয়নের খেজুরতলা এমকে ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন উপজেলার সুন্দরপুরের বাসিন্দা আহম্মদ রশিদের ছেলে আকবর আলী (৩৩), উত্তর পাইন্দং গ্রামের বাসিন্দা মো. আলমগীরের ছেলে মো. মোরশেদ (৩০), একই গ্রামের বাসিন্দা আবুল বাশারের ছেলে মো. সাইমন (২৪) এবং হাইদচকিয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে মো. রায়হান (৩৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ওই চারজনকে একটি বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। একই সময়ে একটি পরিবারের কয়েকটি মুরগি চুরি হয়। এতে সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে পিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
আহত চারজনকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসলিমা নাসরিন বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন শঙ্কামুক্ত।
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে গরু, হাঁস-মুরগি, টিউবওয়েলের হেড ও মোটরসহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। এ চোরের দলের মাধ্যমে গরু, হাঁস-মুরগি, টিউবওয়েলের নল, মোটর ও বৈদ্যুতিক ট্রান্সফরমার পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। ইদানীং ঘটে যাওয়া প্রতিনিয়ত চুরির ঘটনায় তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। চিকিৎসা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
