কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ১৪ জন

বরিশালের গৌরনদী উপজেলায় কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৪ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি, মাগুরাসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, একই গ্রামের আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা, ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম, সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম, একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা, টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী, উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম, পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর, শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন ও মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, একইদিন বিড়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গোপাল কুন্ডুর ছেলে মিটুল কুমার কুন্ডু।
এর আগের দিন বুধবার বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম ও শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সের ছেলে আলজামিন কুকুরের কামড়ে এবং পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম বিড়ালের কামড়ে আহত হয়ে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে গেছেন।