logo

নদীপথে স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে: নৌ প্রতিমন্ত্রী 

নদীপথে স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে: নৌ প্রতিমন্ত্রী 

নদীপথে এবার স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজখবর নিতে সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে বরিশাল নদীবন্দরে আসেন তিনি। পরে সাংবাদিকদের এ কথা জানান রাজিব আহসান। 

তিনি বলেন, লঞ্চ মালিকদের অনুরোধ করেছিলাম, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ আরও কম আদায় করতে। লঞ্চগুলো ঘুরে দেখেছি, ১০ শতাংশের পর আরও ৩ শতাংশ কমিয়ে নেওয়া হচ্ছে। ঈদযাত্রায় ঘাটে অনাকাঙ্ক্ষিত লোকের উপস্থিতি আমরা দেখছি না। 

তিনি বলেন, পল্টুন হকারমুক্ত করার চেষ্টা করছি। পল্টুনে যাত্রীদের টানাহেঁচড়া বন্ধে কাজ করা হচ্ছে। 

লঞ্চের সামনে যাত্রী ডাকা বন্ধ করা হচ্ছে জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি ডাকে সেই লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঢাকায় অনাকাঙ্ক্ষিত একটি মর্মান্তিক দুর্ঘটনা ছাড়া নৌপথে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে মানুষ গন্তব্যে ফিরতে পারছে বলে জানান রাজিব আহসান। 

 

তিনি বলেন, আমাদের এখনকার কাজ, ২৮ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্ন ব্যবস্থাপনায় কর্মস্থলমুখী মানুষদের নিরাপদে গন্তব্যে ফেরানো।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ লঞ্চ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।