নাটোরে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩ শিশু

নাটোরে হঠাৎ করেই হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে জেলার ৩৭ জন শিশুর প্রাথমিক উপসর্গ পরীক্ষা করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ জন সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। বর্তমানে তিনজন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল ভূঁইয়া জানান, জেলায় হামের প্রতিষেধক টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ঘাটতি নেই।
তিনি বলেন, এ রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত। জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা সরবরাহ রয়েছে। এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ টিকাদান কেন্দ্রগুলোতে নিয়মিত টিকা প্রদান কার্যক্রম চালু আছে।
বর্তমানে হাসপাতালে ভর্তি তিনজন হাম আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে এবং তাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়েছে।