জমি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের কবজি কেটে দিলেন ছোট ভাই

ফরিদপুরের নগরকান্দায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার ফুলসুতী ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের দুই ছেলে ছলেমান বিশ্বাস (৫৫) ও আমির আলী বিশ্বাসের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির সামনের সড়কে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আমির আলী বিশ্বাস ধারালো দা দিয়ে বড় ভাই ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালান। এতে ছলেমানের বাম হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলার পর অভিযুক্ত আমির আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ছলেমান বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তাররের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।