logo

কক্সবাজারে যাচ্ছিলেন একসঙ্গে ৬ বন্ধু, পথে প্রাণ গেল দুজনের

কক্সবাজারে যাচ্ছিলেন একসঙ্গে ৬ বন্ধু, পথে প্রাণ গেল দুজনের

কক্সবাজারে ভ্রমণে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সিংলাবো এলাকার ইয়ামিন এবং আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকার উজ্জ্বল বিশ্বাস। ইয়ামিন গাউসিয়া মার্কেটে স্টার টেইলার্সের মালিক ছিলেন। উজ্জ্বল বিশ্বাস একটি জুতা কারখানায় কর্মরত ছিলেন এবং সিংলাবো এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ঈদের রাতেই ৬ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজারের ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। পরে পথে ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর অংশে সড়ক সংস্কারকাজ চলায় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে একটি শ্যামলী পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে যানজট সৃষ্টি হয়। ফেনীর রামপুর এলাকায় তারা সেই সড়ক দুর্ঘটনা দেখার জন্য মোটরসাইকেল থামালে চালকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সে সময় পেছনে মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন আটকা পড়ে। এ অবস্থায় দ্রুতগতির একটি দোয়েল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালকসহ তিনজন নিহত হন। ঘটনাস্থলে আহতদের মধ্যে মাহমুদুল হাসান দিপু ও নাজমুল হাসানসহ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ ওসি মো. সবজেল হোসেন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থল ফেনী হওয়ায় পরিবার চাইলে সংশ্লিষ্ট থানায় আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে।