logo
Advertisement

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে পাঁচজনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজন ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১৩ জন।

Advertisement

বুধবার (১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১৩ জন ভর্তি আছেন, তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন ও এক শিশু রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৩৩ জন ভর্তি হন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিলেন। এবারও ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর চাপ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে আসছেন। চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে চিকিৎসক ও নার্সদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, শুধু ফগিং করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাড়ির ছাদ, টব, ফুলের পাত্র বা আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকুনুজ্জামান রোকন বলেন, সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম চলছে। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।