মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের সময় একটি কাঠের ট্রলার থেকে ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি কাঠের ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরপথে একটি কাঠের ট্রলারে বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রলারটির গতিবিধি নজরদারিতে রাখা হয়। একপর্যায়ে কোস্ট গার্ডের সদস্যরা ট্রলারটিকে থামার সংকেত দেন। কিন্তু ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন।
তিনি জানান, এ সময় ট্রলারে থাকা নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক। মানব পাচারে জড়িত সন্দেহে ট্রলার থেকে সাতজনকে আটক করা হয়েছে। টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে শনিবার টেকনাফে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একাধিক যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানব পাচার ও ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করা হয়। এ সময় অপহরণের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সৈনিক তিতাস হত্যা মামলার একজন আসামিও রয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যৌথ অভিযানে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহরণ করে জিম্মি করে রাখা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
