logo

মুন্সীগঞ্জে ভেজাল ওষুধ কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে ভেজাল ওষুধ কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
ম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত বিপুল ভেজাল ওষুধ ও তৈরির সরঞ্জামাদি। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে লাইসেন্সবিহীন ভেজাল বনজ ও যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানাটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় দুই লাখ টাকা মূল্যের ওষুধ। পরে জব্দকৃত ওষুধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা ওয়াসা রোডসংলগ্ন আবুল কাশেমের পাঁচতলা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।

অভিযান সূত্র জানায়, অর্গানিক প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স ছিল না। সেখানে অবৈধভাবে বনজ ও যৌন উত্তেজক ওষুধ তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে কারখানার মালিক ইমদাদুল হককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আনুমানিক দুই লাখ টাকা মূল্যের ভেজাল ওষুধ জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা গেছে, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছাতিয়ানি গ্রামের মৃত আবদুল হকের ছেলে ইমদাদুল হক প্রায় নয় মাস আগে ভবনটির পঞ্চম তলা পরিবার নিয়ে বসবাসের কথা বলে ভাড়া নেন। এর পর থেকে সেখানে গোপনে ভেজাল ওষুধ তৈরি করে আসছিলেন।

অভিযানে জেলা ড্রাগ সুপার মো. রুবেল, এসআরবি-১০-এর ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন, শ্রীনগর থানার এসআই শরিফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা ড্রাগ সুপার মো. রুবেল জানান, অবৈধ ও ভেজাল ওষুধ উৎপাদনকারী কারখানার পাশাপাশি বিভিন্ন ফার্মেসিতেও নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।