logo

ভাতিজার ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল চাচির

ভাতিজার ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল চাচির
কুড়িগ্রামের রৌমারীতে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি সোনা ভান নিহতের পর ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্রের কোপে সোনা ভান (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে তার প্রবাসফেরত ভাতিজা ফারুক হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী , বোন ও ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা ভান ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক হোসেন (৩২) ওই গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে। তিনি দুবাইপ্রবাসী এবং প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে ফেরেন। স্বজনদের দাবি, দেশে ফেরার পর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং প্রায়ই অসংলগ্ন আচরণ করতেন।

ঘটনার বিবরণ দিয়ে স্বজনরা জানান, শুক্রবার দুপুরে ফারুক তার মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন। বিষয় টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে ফারুক ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালান। তিনি প্রথমে চাচি সোনা ভানকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এরপর বাধা দিতে গেলে চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমকে (২৬) কুপিয়ে আহত করেন। ঘটনাস্থলেই সোনা ভানের মৃত্যু হয়।

পরে স্থানীয় বাসিন্দারা ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।