বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

বিয়ের আসরে বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সী কিশোরী কনে। খবর পেয়ে সেখানে পৌঁছে বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। পরে বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতার অপরাধে কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। অসুস্থ কিশোরীকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।