logo

ইত্যাদির শুটিংয়ে দর্শকদের মোবাইল চুরির অভিযোগ, থানায় জিডি

ইত্যাদির শুটিংয়ে দর্শকদের মোবাইল চুরির অভিযোগ, থানায় জিডি
জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং। ছবি: এশিয়া পোস্ট

জয়পুরহাটের কালাইয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে অনেক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি এলাকায় এসব ঘটনা ঘটে।

এ ঘটনায় মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে তার কাছ থেকে কোনো মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।

আটক গোলাম রতনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়। তিনি ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত ‘ইত্যাদি’র শুটিং দেখতে সকাল থেকেই নান্দাইল দীঘিতে দর্শকদের সমাগম শুরু হয়। দিনভর সেখানে ১০ থেকে ১২ হাজার মানুষের উপস্থিতি ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে নান্দাইল দীঘি কলেজের প্রবেশপথে দর্শকদের ভিড় বাড়ে। এসময় কয়েকজন দর্শক তাদের মোবাইল ফোন চুরির অভিযোগ করেন। ভিড়ের মধ্যে পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন চুরি হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় আড়াই শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এশিয়া পোস্টকে বলেন, ‘ইত্যাদি’ অনুষ্ঠান দেখতে গিয়ে ৯ জনের মোবাইল হারিয়েছে যাওয়ার জিডি পাওয়া গেছে। তবে কতটি মোবাইল হারিয়েছে বা চুরি হয়েছে, তার সঠিক সংখ্যা জানা যায়নি। ভুক্তভোগীদের থানায় এসে অভিযোগ জানাতে বলা হয়েছে। মোবাইল চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তার কাছে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি।