চাঁদা না দিলে নৌকা পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
চাঁদা না দিলে নৌকা পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ
সুনামগঞ্জের একটি ঘাটে এই নৌযানটি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চাঁদা না দিলে ইঞ্জিনচালিত নৌকা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

গত শনিবার (২০ জুন) চাঁদা দাবির ঘটনা উল্লেখ করে নৌকার মাঝি (চালক) উমর আলী দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি শনিবার (২৭ জুন) নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

অভিযোগে বলা হয়, উমর আলী ২০ বছর ধরে মেসার্স জে-বি শিপিং লাইন্সের মালিকানাধীন এম ভি ‘জয়-বিজয়’ নামের একটি ইঞ্জিনচালিত নৌকা পরিচালনা করছেন। নৌযানটি বৈধ রুট পারমিট ও সার্ভে সনদ নিয়ে চুকলাপুর ও তিলোরাকান্দি ঘাট থেকে সুনামগঞ্জ শহরের বালুরমাঠ পর্যন্ত যাত্রী পরিবহন করছিল। সম্প্রতি তিলোরাকান্দির একটি চাঁদাবাজ চক্র নৌকার মাঝি ও মালিকপক্ষের কাছে চাঁদা দাবি করেন। চাঁদাবাজদের দাবি তাদেরকে টাকা না দিলে এই রুটে এম ভি ‘জয়-বিজয়’ চলাচল করতে পারবে না। চাঁদা না দিলে নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে।

এম ভি ‘জয়-বিজয়’ এর মাঝি অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার দিন সকালে তিলোরাকান্দি ঘাটে পৌঁছালে পরিকল্পিতভাবে তিলোরাকান্দি গ্রামের ফুল মিয়া, সুরুজ মিয়া, পলাশ মিয়া, ফারুক মিয়া, সাদ্দাম মিয়াসহ ৫ থেকে ৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, লাঠি ও লোহার পাইপ নিয়ে তাদের ওপর চড়াও হয়। অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করে ও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে নৌকার মাঝি উমর আলী তার ওপর হামলা চালায়। বাঁশের লাঠির আঘাতে তিনি গুরুতর জখম হন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা নৌকাটি ঘাট থেকে জোর করে ভাসিয়ে দেন।

হামলাকারীরা হুমকি দিয়ে বলে, চাঁদা না দিলে এই ঘাটে কোনোদিন নৌকা ভিড়াতে দেওয়া হবে না। পুনরায় যদি কোনোদিন নৌকা ভেড়ানো হয়, তবে নৌকা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর থেকে ফুল মিয়াসহ অন্যান্য অবৈধভাবে জোরপূর্বক আরেকটি নৌকা পরিচালনা করছে।

অভিযোগ অস্বীকার করে ফুল মিয়া বলেন, এলাকার মানুষ আমাকে নৌকা চালানোর দায়িত্ব দিয়েছে। জে-বি শিপিং লাইন্সের নৌকা এই ঘাটে চলাচল করতে না পারায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি কোনো টাকা দাবি করিনি, কাউকে মারধর করিনি। পুলিশ এসে তদন্ত করে গেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, যাত্রী পরিবহনকারী একটি নৌযান চলাচলে বাধা ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।