সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল না হলে অবরোধের হুঁশিয়ারি

ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া চলাচল ও ঘন ঘন দুর্ঘটনার অভিযোগে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরুদ্ধ করার কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানের কাছে এই মর্মে একটি স্মারকলিপি প্রদান করেন স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও আন্দোলনকারীরা।
স্মারকলিপিতে সেলফী পরিবহনের দুর্ঘটনার ইতিহাস, যানবাহনের ফিটনেস, আসল রুট পারমিটের সংখ্যা, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাস্তবে অনুমোদিত সংখ্যার চেয়ে অনেক বেশি গাড়ি মহাসড়কে নামানো হয়েছে। চালকদের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের অধিকাংশ ঘটনাই ঘটছে।
এর আগে, গত ২৮ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় সেলফী পরিবহনের বাসের ধাক্কায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরদিন ২৯ আগস্ট একই এলাকায় রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা ছাত্রদলের সহসভাপতি পিজুস পাইক বলেন, গত ২৯ আগস্ট মানববন্ধনের পর আজ জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল করা না হলে আন্দোলনকারীরা সবাই মিলে কঠোর সিদ্ধান্ত নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করতে বাধ্য হব।
এ বিষয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, বিষয়টি দ্রুত আগামী মাসিক আইনশৃঙ্খলা সভায় তোলা হবে এবং ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সহায়তায় মহাসড়কে আইন কঠোরভাবে কার্যকর করা হবে। সমস্যা সমাধানে অগ্রগতি না হলে পরিবহনটির বিরুদ্ধে চূড়ান্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।



