সংস্কার চলছিল কালিগঞ্জ থানা ভবনের, বিস্ফোরণে আহত দুই শ্রমিক

সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভবন সংস্কার কাজের সময় বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে থানার পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, থানায় নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন ভাঙা হচ্ছিল। দেড় মাস আগ থেকে সংস্কার কাজ শুরু হয়। বর্তমানে থানার কার্যক্রম পাশের মুক্তোযোদ্ধা কমপ্লেক্সে চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা থানা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় মাটিচাপা অবস্থায় থাকা একটি ককটেলসদৃশ বস্তু বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।
বিস্ফোরণে শ্রমিক রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পাশে থাকা আরেক শ্রমিক কামরুল হাসানের ডান পায়ে জখম হয়।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত দুই শ্রমিককে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাটির নিচে কীভাবে কিস্ফোরক ছিল, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আমি যোগদানের আগে থেকে পুরাতন ভবন ভাঙার কাজ চলছে। আজ কাজ করার সময় হঠাৎ একটি আওয়াজ হয়। পরে জানতে পারি ককটেলসদৃশ কোনো বস্তুর বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, আগে থেকে ওই স্থানে বিস্ফোরকটি মাটির নিচে চাপা পড়েছিল।





