বগুড়ায় স্কুলছাত্রীকে ইভটিজিং করে জেলে গেলেন যুবক

বগুড়ার গাবতলীতে এক স্কুলছাত্রীকে ইভটিজিং (উত্ত্যক্ত) করার দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার হামিদপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান একই এলাকার বাসিন্দা।
প্রশাসন সূত্রে জানা গেছে, গাবতলী থানার একটি টহল দল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিল। এ সময় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে আব্দুর রহমানের বিরুদ্ধে। ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় আব্দুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


