সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যুর ঘটনায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নবীর বাজার এলাকায় সোহাগের জানাজা শেষে বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সোহাগের মা, ভাইসহ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে মোহাম্মদপুরের যুবদল নেতা দিদারের ইন্ধনে লিটন, জাফর, সোহাগসহ কয়েকজন পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করেছেন। তাদের দাবি, সোহাগের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের সদস্যরা আরও বলেন, পুলিশ সোহাগকে ধাওয়া করার পর তার মৃত্যু নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তাই ময়নাতদন্তসহ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান। তিনি বলেন, সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ ওই এলাকায় গেলে পুলিশ বাদীপক্ষের সঙ্গে কথা বলছিল। এ সময় দূর থেকে পুলিশকে দেখে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে হৃদরোগে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সোহাগের মরদেহ দাফন করা হয়েছে।



