কান্তজিউ মন্দিরে ‘ক্রিসমাস’ গাছ রোপণ করলেন মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরিদর্শন শেষে স্মৃতিস্বরূপ মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছান এবং ঐতিহাসিক এই পুরাকীর্তি ঘুরে দেখেন।
এদিন সকালে মার্কিন রাষ্ট্রদূত কান্তজীউ মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারীরা প্রথাগত নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও আরতিতে অংশ নেন। রাষ্ট্রদূত টেরাকোটাশিল্পে সমৃদ্ধ কান্তজীউ মন্দিরের ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত হন। কান্তজীউ মন্দির পরিদর্শন শেষে তিনি ঐতিহাসিক নয়াবাদ মসজিদও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



