সুনামগঞ্জে শিক্ষককে পেটানো সেই যুবদল নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
সুনামগঞ্জে শিক্ষককে পেটানো সেই যুবদল নেতা গ্রেপ্তার
পুলিশের হাতে গ্রেপ্তার যু্বদল নেতা রতি মিয়া। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শিক্ষককে পেটানোর ঘটনায় যুবদলের সাবেক সেই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২২ জুন) দুপুরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রতি মিয়ার চাচাতো বড় ভাই ও বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল এশিয়া পোস্টকে বলেন, শিক্ষক মোক্তার হোসেনের দায়ের করা মামলায় রতি মিয়াকে পুলিশ রোববার রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ‘চাঁদা না দেওয়ায় শিক্ষককে পেটালেন সাবেক যুবদল নেতা’ শিরোনামে ২০ জুন এশিয়া পোস্টে সংবাদ প্রকাশিত হয়েছিল।

ওই দিন সকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তার হোসেনকে মারধর করেন বালিজুরী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রতি মিয়া। তিনি আনোয়ারপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, রতি মিয়াকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।