ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে দুই ভাই

ফেসবুকে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত গড়াতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটের কালাইয়ে এসেছেন দুই সহোদর যুবক। তাদের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে কালাইয়ের এক তরুণীর। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তরুণীর বাবা।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে অবস্থান করছেন ভারতের দুই যুবক ফারুক চাপরাশি ও তার ভাই মুর্শিদ চাপরাশি।
তাদের পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, তারা ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফারুক চাপরাশির। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তার ভাই মুর্শিদ। এরপর থেকে তারা পূর্ণিমাদের বাড়িতে অবস্থান করছেন।
পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, এখন ছেলেমেয়েরা মোবাইল ফোনে প্রেম-ভালোবাসা করে। ওই ছেলে ও তার বড় ভাই পাসপোর্ট-ভিসা নিয়ে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেনাপোল হয়ে আমার বাড়িতে এসেছেন।
তিনি আরও বলেন, আমরাও পাসপোর্ট-ভিসা করার ব্যবস্থা করেছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের অনুষ্ঠান করা হবে। তখন আপনাদেরও জানানো হবে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।
