logo

কালবৈশাখীতে ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ২৫ হাজার গ্রাহক

কালবৈশাখীতে ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ২৫ হাজার গ্রাহক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গেছে। এতে ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২৫ হাজার গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন।

রোববার (১৫ মার্চ) রাত ৯টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলার অধিকাংশ এলাকা অন্ধকারে রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র দমকা হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি শুরু হয়। ঝড়ের প্রচণ্ড শক্তিতে সাধারণ মানুষের বাড়িঘরের পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ভোলাহাট বাজারের ব্যবসায়ী করিম উদ্দিন বলেন, বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো যাচ্ছে না, ফলে গৃহস্থালি কাজে সংকট দেখা দিয়েছে। এ ছাড়াও মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। 

পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট জোনাল অফিস জানায়, ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে মোট ৮টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন এলাকায় একই সঙ্গে ৪টি খুঁটি উপড়ে পড়ায় মূল সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়ে। 

এ বিষয়ে ভোলাহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ইব্রাহীম বলেন, সোমবার সকাল থেকেই তাদের কারিগরি টিম ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতের কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো দ্রুত স্থাপন করে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।