পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে

গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামে শ্বশুরবাড়ির পাশ থেকে বি এম মাহমুদুল ইসলাম নোবেল (৩৮) নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পাইকান্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম খাগড়াছড়ির মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কাজে গত শুক্রবার গোপালগঞ্জে এসে তিনি শ্বশুরবাড়িতে ওঠেন। সোমবার সকালে শ্বশুরবাড়ির পাশের একটি পুকুরপাড়ে স্থানীয় শিশুরা তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে নিহতের স্ত্রী ও স্বজনেরা মরদেহটি উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় ১০ বছর আগে বিয়ের পর থেকে ছুটিতে এলেও মাহমুদুল ইসলাম নিজ বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতেই অবস্থান করতেন। তাদের দাবি, দাম্পত্যকলহ ও পারিবারিক জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত এবং সার্বিক তদন্তের তথ্য-উপাত্ত পর্যালোচনার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






