logo

৪০ লাখ টাকায় খেলার মাঠ, জমি রেজিস্ট্রি ঘিরে গ্রামজুড়ে উৎসব

৪০ লাখ টাকায় খেলার মাঠ, জমি রেজিস্ট্রি ঘিরে গ্রামজুড়ে উৎসব
খেলার মাঠের জমি রেজিস্ট্রি, ঘোড়ার গাড়িতে ঢাকঢোল পিটিয়ে গ্রাম ঘুরলেন বাসিন্দারা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

স্বাধীনতার ৫৫ বছর পর অবশেষে স্বপ্ন পূরণ হলো টাঙ্গাইলের মির্জাপুরের কামারপাড়া গ্রামবাসীর। নিজেদের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠের উদ্যোগ নিয়েছেন তারা। এই আনন্দ উদ্‌যাপনে ঢাকঢোল পিটিয়ে ও ঘোড়ার গাড়িতে চড়ে গ্রাম ঘুরে সাবরেজিস্ট্রি অফিসে যান গ্রামবাসী। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গ্রামবাসীর এমন ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে জমি রেজিস্ট্রি করতে সাবরেজিস্ট্রি অফিসে যান গ্রামবাসী। ঢাকঢোল পিটিয়ে ও ঘোড়ার গাড়িতে চড়ে পুরো গ্রাম ঘুরে সবাইকে জানানো হয় বহু প্রতীক্ষিত এই সুখবর।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল গ্রামে একটি খেলার মাঠ হবে। অবশেষে নিজেদের উদ্যোগ ও অর্থায়নে সেই স্বপ্ন পূরণ হওয়ায় তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, এই মাঠকে ঘিরে নতুন প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবে এবং মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ৪০ লাখ টাকা দিয়ে ৯৮ শতাংশ জমি কিনতে গ্রামের সবাই সহযোগিতা করেছেন। মাঠ কেনার খবরটি সবার মাঝে ছড়িয়ে দিতে ঘোড়ার গাড়িতে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করেছেন তারা। এটি তাদের গ্রামের জন্য অনেক বড় অর্জন।

উদ্যোক্তাদের একজন মঞ্জুরুল কাদের মাস্টার বলেন, ৩৬ লাখ ২৬ হাজার টাকায় ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে। রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। বাদ্যযন্ত্র বাজিয়ে, ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে জমি রেজিস্ট্রি করতে পেরে সবাই আনন্দিত।

স্থানীয় যুবক রাকিব হাসান বলেন, এলাকাবাসী মিলে এই খেলার মাঠ কিনেছেন। কেউ দশ হাজার টাকা, কেউ পাঁচ হাজার টাকা, আবার কেউ এক শতাংশ জমির দামের সমপরিমাণ টাকা দিয়েছেন। ১৪০ জন মানুষের সহযোগিতায় এই খেলার মাঠ কেনা হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠের নির্ধারিত স্থান। ছবি : এশিয়া পোস্ট
টাঙ্গাইলের মির্জাপুরের ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠের নির্ধারিত স্থান। ছবি : এশিয়া পোস্ট

তিনি আরও বলেন, তারা চান এই মাঠে নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন হোক। এখান থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি হবে। তবে মাঠে যাওয়ার রাস্তা নেই। সরকার যদি রাস্তা নির্মাণ ও মিনি স্টেডিয়াম করে দেয়, তাহলে তাদের উদ্যোগটি পূর্ণতা পাবে।

স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, এই মাঠ শুধু তাদের নয়, আগামী প্রজন্মের জন্য উপহার। তাদের সন্তানরা যেন মোবাইল ও মাদকের আসক্তিতে না জড়িয়ে খেলাধুলায় সময় কাটাতে পারে, সেই চিন্তা থেকেই সবাই মিলে মাঠ কেনার উদ্যোগ নিয়েছেন।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, গ্রামবাসীর এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে স্বপ্নের মাঠ কেনা হলেও এখনও সেখানে যাওয়ার কোনো পাকা রাস্তা তৈরি হয়নি। মাঠটি ব্যবহার উপযোগী করতে রাস্তা নির্মাণের পাশাপাশি একটি মিনি স্টেডিয়াম তৈরির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরকারি সহযোগিতা পেলে এই মাঠ হয়ে উঠবে এলাকার শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়াচর্চার প্রাণকেন্দ্র।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি-বেসরকারি কোনো সহায়তা ছাড়াই একটি গ্রামের মানুষ নিজেদের অর্থায়নে খেলার মাঠের জন্য জমি কিনছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট