ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে জৈন্তাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫ মিনিটে ভারতে যাওয়ার উদ্দেশে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর গোয়াইনঘাট থানার অধীন তামাবিল পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে পুলিশের একটি দল তাকে জৈন্তাপুর থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, কামাল আহমদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, কামাল আহমদ থানা হেফাজতে আছেন। যাচাই-বাছাই করে তার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
এর আগেও ভারতে পালানোর সময় জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকায় জনতার হাতে অবরুদ্ধ হন কামাল আহমদ। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।