logo
Advertisement

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নেই: রাশেদ খান

এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ
স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নেই: রাশেদ খান
মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি : এশিয়া পোস্ট

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেবে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

Advertisement

রোববার (২৩ আগস্ট) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বিএনপি করলে দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে। দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না।

সরকারি কর্মকর্তাদের জনসেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো কর্মকর্তা সেবা দিতে গিয়ে অসদাচরণ বা ঘুষ দাবি করেছেন, এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য উপজেলার সব সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি। তবে হিংসা বা ব্যক্তিগত বিরোধের কারণে কেউ মিথ্যা অভিযোগ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাশেদ খান।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে বিরোধী দল জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ থাকবে না। আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে রাশেদ খান বলেন, ঝিনাইদহ-৪ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তিনি পরাজিত হয়েছিলেন। এতে স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতের ভুল-ত্রুটি ভুলে যারা দলের বাইরে চলে গেছেন, তাদের ফিরে এসে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন। এ সময় মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম. জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন উর রশিদ মোল্ল্যা, মশিয়ার রহমানসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।