Advertisement

আড়তে মিলল ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
আড়তে মিলল ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা
আড়ৎ থেকে জব্দ করা পিরানহা। ছবি: এশিয়া পোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেসার্স মোল্লা মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেসার্স মোল্লা মৎস্য আড়তে অবৈধভাবে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে—এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আড়ত থেকে ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।

পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট আড়তদারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, পিরানহা মাছের চাষ, পরিবহন ও বিক্রি আইনত নিষিদ্ধ। পরিবেশের ভারসাম্য ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনোভাবেই নিষিদ্ধ মাছের ব্যবসা বরদাশত করা হবে না।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও দেশীয় মৎস্য প্রজাতি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।