logo

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
পাটকেলঘাটা থানা। ছবি: এশিয়া পোস্ট

সাতক্ষীরার তালা উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কুদ্দুস সরদার নামে আরও এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর এলাকার বালিরগাদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই দুই গরু ব্যবসায়ী মোটরসাইকেলে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে বালিরগাদা মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই খোকন সরদারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি পালিয়ে যায়।

স্থানীয়রা আহত আব্দুল কুদ্দুস সরদারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।