সাংবাদিক পুলকের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর উপদেষ্টার

বরিশালের প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উত্তর মল্লিক রোডে পুলক চ্যাটার্জির বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন বলেন, পুলকের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল। তার বিয়োগে আমি খুবই মর্মাহত এবং সে বেদনা এখনও কাটিয়ে উঠতে পারিনি। তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার সুবাদে সাংবাদিকতা পেশাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সাংবাদিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করে আমরা একটি নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করব। এ বিষয়ে ইতোমধ্যে সম্পাদক, সাংবাদিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে কাজ কিছুটা এগিয়ে নিয়ে রেখেছি।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্বের সঙ্গে পুলকের এই অকালমৃত্যুর গভীর সম্পর্ক রয়েছে। এই পেশা মানুষকে মর্যাদাবান করে। অন্যান্য পেশায় কেবল ব্যক্তি স্বার্থ থাকে, কিন্তু সাংবাদিকতায় যারা যুক্ত তারা উপযুক্ত বেতন ও সামাজিক মর্যাদা চান। আমি যদি কাজগুলো গুছিয়ে দিয়ে আসতে পারতাম, তবে ভবিষ্যতে কাউকে আর এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। তবে আমি তিন পক্ষেরই নীতিগত ও নৈতিক সমর্থন তৈরি করে এসেছি।
জহির উদ্দিন স্বপন বলেন, পুলক আর আমাদের মাঝে ফিরে আসবে না। কেবল প্রতিক্রিয়া ব্যক্ত করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এটি কোনো সাধারণ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয়, এর শিকড় অনেক গভীরে। আমাদের প্রধানমন্ত্রীও গণমাধ্যমের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা সবাই মিলে পুলকের পরিবারের খেয়াল রাখব। পুলকের এই মৃত্যু সাংবাদিকতা পেশার কঠিন চ্যালেঞ্জগুলোকে আমাদের সামনে উন্মোচিত করে দিয়েছে।
সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন প্রয়াত পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জি ও কন্যা প্রকৃতি চ্যাটার্জির সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এ সময় জহির উদ্দিন স্বপনের সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক সহসম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষসহ অনেকে।


