পূবাইলে চুরির অভিযোগে যুবককে কুপিয়ে খুন

গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরি অভিযোগে জুয়েল নামে এক যুবককে গাছে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে পূবাইলের খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল কিছুদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেছিলেন বলে অভিযোগ ওঠে। স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করে দেন।
রোববার দুপুরে ঘটনার জের ধরে জুয়েলকে পুনরায় চোর আখ্যা দিয়ে কয়েকজন আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
.png)






