logo

নোয়াখালী যেন গরিবের বউ, সবার ভাবি : হান্নান মাসউদ

নোয়াখালী যেন গরিবের বউ, সবার ভাবি : হান্নান মাসউদ

ভৌগোলিক অখণ্ডতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, নোয়াখালী যেন গরিবের বউ, সবার ভাবি। আমাদের চতুরপাশের জমিজমা কিছু চট্টগ্রাম নিয়ে যেতে চায়, কিছু ভোলা নিতে চায়। আবার কিছু নিয়ে টানাটানি করে কুমিল্লা। আমাদের কোনো ভূমি ছাড়া যাবে না। নোয়াখালীর প্রতিটি ভূমি রক্ষার দায়িত্ব এই ১১ দলীয় জোট নেবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নোয়াখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, এই নোয়াখালীতে যে প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়—এই নোয়াখালী অঞ্চলে কোনো ধরনের নৌবাহিনীর স্থায়ী ক্যাম্প নেই, কোস্টগার্ডের স্থায়ী ক্যাম্প নেই। অতি দ্রুত নোয়াখালীতে স্থায়ী নৌবাহিনীর ক্যাম্প চাই।

তিনি আরও বলেন, দেশের অনেক ছোট ছোট জেলা রাজনৈতিক প্রভাবে বিমানবন্দর পেলেও নোয়াখালীর প্রবাসীদের দীর্ঘদিনের দাবিটি এখনও উপেক্ষিত। প্রবাসী ভাইদের সরাসরি যাতায়াত নিশ্চিত করতে অতি দ্রুত নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়নের দাবি জানানো হয়।

পাশাপাশি নোয়াখালীকে দেশের প্রথম ‘সমুদ্রনির্ভর অর্থনৈতিক জোন’ বা ‘ব্লু ইকোনমিক জোন’ হিসেবে ঘোষণার জন্য আমিরে জামায়াতের প্রতি আহ্বান জানান মাসউদ। তিনি বলেন, নোয়াখালীর বিশাল সমুদ্র উপকূলকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব।

এদিকে ১১ দলীয় জোট সরকার গঠন করলে হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ এবং কবিরহাটে নদীভাঙন থেকে বাঁচতে দীর্ঘস্থায়ী সমাধানের অঙ্গীকার করেন হান্নান মাসউদ। নোয়াখালীকে বাঁচাতে হলে নদীভাঙন রোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে দাবি করেন তিনি। 

এ সময় হান্নান মাসউদ নোয়াখালী অঞ্চলের শিক্ষা ব্যবস্থার প্রসারে একটি মেরিন ইউনিভার্সিটি এবং একটি ফিশারিজ ইউনিভার্সিটি স্থাপনের দাবি জানান।