টাঙ্গাইলে শিশু হত্যা ও কিশোরী ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে পৃথক চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, টাঙ্গাইলের মধুপুরে ছয় বছর বয়সি শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মো. আব্বাস আলীকে শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল সদর কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।
জানা গেছে, ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করার সময় আব্বাস আলী তাকে জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাজারে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে মধুপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন (১২ এপ্রিল) সকালে শিশুটির চাচা বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পান। অভিযোগ রয়েছে, আসামি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরিচয় গোপনের উদ্দেশ্যে লাশ বিকৃত করার চেষ্টা করেন।
এ ঘটনায় নিহত শিশুটির মা বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা করেন।
অন্যদিকে, সিরাজগঞ্জের সদর উপজেলার এনায়েতপুর এলাকায় ঘরের বেড়া ভেঙে এক ঘুমন্ত কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামি মো. আব্দুর রহমানকে একই দিন শনিবার সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল সদর চারাবাড়ি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, দুটি ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।