আইনমন্ত্রীর নির্দেশে হামলা হয়েছে, দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। হামলার এই ঘটনা আইনমন্ত্রীর নির্দেশে হয়েছে বলে দাবি করেছেন এনসিপির এই নেতা।
শুক্রবার (২২ মে) দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠিসোঁটা এবং হকিষ্টিক। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পুলিশের উপস্থিতিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা করেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। পরে নাসিরুদ্দীন পাটওয়ারীসহ জেলার এনসিপির নেতাকর্মীরা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন।
হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে কিল-ঘুসিও মারা হয় বলে অভিযোগ। এ সময় হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও দাবি করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা বলেন, আমরা মসজিদ থেকে নামাড় পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা। আমরা মসজিদেও নিরাপদ নয়। তাহলে দেশটা কার কাছে নিরাপদ।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আইনমন্ত্রীর নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। আমাদের ওপর হামলা করা হয়েছে। ইনশাআল্লাহ, আইনমন্ত্রীর বিচার এক দিন করব আমরা।
এ বিষয়ে জানতে যোগাযোগকরা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
