ঈদের নামাজ পড়েই ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ আদায়ের পরই ঢাল-সড়কি নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।
উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।